জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: “নাটক হোক সুস্থ সমাজের দর্পণ” স্লোগানকে সামনে রেখে বাংলা নাটকের রূপকার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ড. সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে আলোচনা, গান, কবিতা পাঠ, নাট্যাংশ পরিবেশনা এবং তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিশিষ্টজনেরা।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসী সিরাজের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যকরী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ সংগঠনের সদস্য ও অভিভাবক সদস্যরা।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা জামশেদ রানা ও নোহা। যন্ত্রসঙ্গীতে ছিলেন জামশেদ রানা এবং তবলায় মোঃ বাবুল। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যজন এজাহারুল হক মিজান।
সুন্দর এই আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে।