মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: “প্রবাসের মাটিতে যত বেশি উদ্যোক্তা সৃষ্টি হবে, তত বেশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে নতুন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ ও উদ্যোক্তা মিলনমেলা-২০২৫। এ আয়োজনের উদ্যোগ নেয় এ এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জেনারেল ম্যানেজার ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা শামীম আল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক ও বিনিয়োগকারী মোঃ আইয়ুব তুষার, এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
এছাড়া দাম্মাম, আল হাসা ও অন্যান্য প্রাদেশিক অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক নতুন উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসে নতুন উদ্যোক্তা সৃষ্টি হলে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশের সম্মানও বাড়বে। একই সঙ্গে সৌদি আরবের সকল আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি ড. মোহাম্মদ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে হবে। এতে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে।