মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধারা।
দেশের গণ্ডি পেরিয়ে বৈশাখীর আমেজ দেখা দিয়েছে প্রবাসীদের মাঝেও। মরুময় কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ পেতে পরিবার-পরিজন নিয়ে বৈশাখী মেলায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা।
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃদ্ধ থেকে শিশু—সব বয়সীদেরই মেলায় অংশ নিতে দেখা গেছে। মেলায় বসেছে বাংলাদেশি শিশুদের খেলাধুলার সামগ্রী, পান্তা-ইলিশ, ঝালমুড়ি, ফুচকাসহ হরেক রকমের স্টল।
বৈশাখী আয়োজনের উদ্যোক্তা হিসেবে ছিলেন ইউসুফ হোসেন, আরাফাত হাশেম দেওয়ান, সালাউদ্দিন আহমেদ, স্বপন আহমেদ হৃদয়, আল আমিন গাজী ও শাহিন খান।
মেলা মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের স্থানীয় শিল্পীরা। সেই মঞ্চে প্রবাসের মাটিতে দেশীয় মেলা আয়োজন নিয়ে বক্তব্য দেন আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি সৌদি আরব প্রতিনিধি ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান, আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।