সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুর গর্জনিয়ায় এসিড দগ্ধ তৈয়বা আকতারের পরিবারকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। ৭ জুলাই ২০২১, বুধবার রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা তৈয়বা আকতারের পিতা মোজাফ্ফর আহমদের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন। এসময় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা প্রদানকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন- কক্সবাজার জেলা জেলা প্রশাসক মামুনুর রশীদ এর পক্ষ থেকে তৈয়বা আকতারের চিকিৎসার জন্য এ অর্থ সহায়তা দেয়া হয়েছে। তিনি বলেন- এসিড সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কঠোর অবস্থানে থাকবে। এ ধরণের ঘৃণ্য অপরাধে জড়িতদের রেহাই দেয়া হবে না। আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন- তৈয়বা আকতারের উপর এসিড নিক্ষেপের ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ইতিমধ্যে এ ঘটনার মূল হোতা নুরুল আবছার ভূট্টোকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদেরও আটক করা হবে। আক্রান্ত কিশোরীর পরিবারের সুরক্ষা দিতেও পুলিশ কাজ করছে।