সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার প্রতিনিধি: রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সারওয়ার কাজল বলেছেন, নারীর নির্যাতনের প্রতিটি ঘটনায় সামাজিক প্রতিরোধের পাশাপাশি সরকারও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। যারা নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হবে তাদের কোনভাবেই ছাড় দেয়া যাবে না। শুধু নারী নির্যাতন নয়, শিশু শ্রম, বাল্য বিয়েও প্রতিরোধ করতে হবে। সকল প্রকার নির্যাতন, বৈষম্য দূর করে সুখি-সমৃদ্ধ দেশ গঠনের জন্য সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
কক্সবাজারের রামুতে বেসরকারি সংস্থা একলাব আয়োজিত আন্তর্জাতিক অহিংসা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৪ অক্টোবর ২০২০, রবিবার সকাল ১০টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ইউএনডিপি কক্সবাজারের সহযোগিতায় একলাব বাস্তবায়িত সামাজিক সংহতি প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জানানো হয়-কক্সবাজারের বিভিন্ন উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক সম্পৃতি বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ণ করে আসছে একলাব’র এ প্রকল্প। এরই অংশ হিসেবে কক্সবাজারের রামু উপজেলায় আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন করা হচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলাবের প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম। মো: কেফায়েত উল্লাহ সাজ্জাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্বে ছিলো প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, অংকিত ছবির প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ফারুক আহমদ ও সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে একলাবের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর আবু বক্কর ছিদ্দিক, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শোবজিত চৌধুরী, কমিউনিটি মবিলাইজার আবদুল জব্বার, ময়না বড়ুয়া সহ আরো অনেকে।
জানা গেছে, আন্তর্জাতিক অহিংসা দিবস পালনে রামু ছাড়াও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা একলাব।