প্রবাস মেলা ডেস্ক: বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা নিরসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, দেশের ভবিষ্যৎ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে গণ-অভ্যুত্থানের সব অংশীজনের আস্থা অর্জন জরুরি।
দলটির স্থায়ী কমিটির এক জরুরি সভা গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। এতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, এ টি এম মহব্বত আলী, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নবাব এবং পর্যবেক্ষক সদস্য রোকনুজ্জামান রোকন।
সভা-পরবর্তী বিবৃতিতে বলা হয়, “সামরিক বাহিনীসহ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে আস্থায় এনে আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে হবে। জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা এবং তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার গ্রহণ অপরিহার্য।”
বিবৃতিতে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, “সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।”
জাসদ মনে করে, “মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া একটি অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নয়।”
দলের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলা হয়, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নের জন্য উগ্রতা, হঠকারিতা ও মব সন্ত্রাস বন্ধ করা জরুরি। শান্তিপূর্ণ পথেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।”