প্রবাস মেলা ডেস্ক: ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অন্তসত্ত্বা হওয়ার খবর জানান কয়েক মাস আগেই। কিন্তু এরই মধ্যে এই অবস্থায়ও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। অভিনেত্রী গত ১৭ ও ১৮ অক্টোবর শুটিংয়ে অংশ নিয়েছিলেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার গানে। যদিও এ সময় যে কোন নারী সতর্কতার সঙ্গে দিন পার করে থাকেন।
তবে অভিনয়ের পাশাপাশি ইদানীং তিনি রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন এই নায়িকা। আগামী দুই বছরের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি।
রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে এই নায়িকা জানান, বঙ্গবন্ধু সম্পর্কিত বই ও তার লেখাগুলো তিনি পড়া শুরু করেন। বিশেষ করে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়ে তিনি দারুনভাবে প্রভাবিত হন। বঙ্গবন্ধু সম্পর্কিত বইগুলো পড়ার পর তার বিশ্বাসের জায়গা অনেক দৃঢ় হয়েছে বলেও জানান তিনি।
মাহি আরো বলেন, একজন মানুষ সবকিছু ছেড়ে দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন এই উপলব্ধি থেকে আমি রাজনীতির প্রতি দুর্বল হয়ে পড়ি। পাশাপাশি প্রধানমন্ত্রী সম্পর্কেও জানতে শুরু করি। নিজ দলের বাইরে অন্য দল কিংবা দেশের মানুষের পাশে তার দাঁড়ানোর বিষয়টি দারুনভাবে মুগ্ধ করে আমাকে। এসব চিন্তা ভাবনা থেকেই মূলত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই।
রাজনীতিতে অভিষেক করলেও সবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করার ইচ্ছা রয়েছে আমার এমনটাই জানিয়েছেন ‘অনেক সাধের ময়না’ সিনেমার এই অভিনেত্রী।