প্রবাস মেলা ডেস্ক: লম্বা সময় পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘স্পর্শ’। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্তের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেতা নিরব।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় তিন দশক ধরে কাজ করছেন রূপালি পর্দায়। এবার তিনি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা স্পর্শ’র শুটিং করতে ঢাকায় এসেছেন। ছবিতে তার বিপরীতে আছেন নিরব হোসাইন। শনিবার রাজধানীর একটি ক্লাবে আয়োজিত প্রেস মিটে ‘স্পর্শ’ টিমের সঙ্গে হাজির হন ঋতুপর্ণা। এ সময় তিনি চলচ্চিত্রসংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলেন।
ঋতুপর্ণা জানান, বাংলাদেশে এবার নতুন সিনেমা নিয়ে এসেছি। তাই ভালো লাগাটা অন্যরকম। ‘স্পর্শ’ অন্যরকম একটা প্রেমের গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে। চিত্রনায়ক নিরবের সঙ্গে কাজের অভিজ্ঞতার প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, নিরব দারুণ অভিনেতা। আমি ওর বেশ কিছু কাজ দেখেছি। ভীষণ গুছিয়ে কাজ করে।
সিনেমাটি প্রসঙ্গে চিত্র নায়ক নিরব বলেন, এই গল্পের মোড়ে মোড়ে বাঁক আছে। কার সঙ্গে আমার প্রেম বা কার সঙ্গে মিলন হচ্ছে সেটা গল্পের শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আশা করছি, ভালো কিছু হবে।
স্পর্শ ছবিটি যৌথভাবে নির্মাণ করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ঋতুপর্ণার পাশাপাশি সিনেমাটিতে কলকাতার খরাজ মুখার্জিও অভিনয় করছেন।