প্রবাস মেলা ডেস্ক: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে বেড়াতে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী, লেখক, ছড়াকার, গল্পকার ও অধ্যাপক ড. ধনঞ্জয় সাহা। এতদোপলক্ষ্যে, প্রবাস মেলা কার্যালয়ে এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় তার সাথে প্রবাস মেলা’র মিডিয়াকর্মীরা চা-চক্রে অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানান গল্প শোনেন। এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকাটির অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ ও কবি-অভিনেত্রী শিখা কর্মকার। আড্ডায় আরও উপস্থিত ছিলেন- সমাজসেবক ও সঙ্গীতশিল্পী ইঞ্জিনিয়ার মো: ফখরুজ্জামান, তানিয়া করিম ডায়না, অভিনয়শিল্পী ইসরাত জাহান পুতুল, মডেল ও অভিনেত্রী লাকী শারমীন, অভিনেত্রী লিজা খানম, কবি ও অভিনেত্রী শিখা কর্মকার। ধনঞ্জয় সাহা এবং শিখা কর্মকার ২/৩টা কবিতা-ছড়া পড়ে শোনান। কণ্ঠশিল্পী ইঞ্জি: মো: ফখরুজ্জামান ২/৩টা গানও পরিবেশন করেন আড্ডায়।

উল্লেখ্য, বাংলাদেশের চাঁদপুরের মতলবে বেড়ে উঠেছেন ড. ধনঞ্জয় সাহা। সেখানে তার প্রাথমিক এবং হাইস্কুলের শিক্ষাজীবন কেটেছে। এরপর ভোলায় এইচএসসি শেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ড. ধনঞ্জয় সাহা ১৯৮০ এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ছোটবেলা থেকেই ধনঞ্জয় সাহা লেখালেখি করতেন। মাঝে কিছুদিন লেখালেখি থেকে দূরে সরলেও ৮০’র দশকের শেষ দিকে ফের লেখালেখিতে জড়িয়ে পড়েন। বর্তমানে ছড়াকার হিসেবে তিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তিনি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ধনঞ্জয় সাহা একজন পেশাগত বিজ্ঞানী। তিনি যুক্তরাষ্ট্রের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন অ্যাট ব্রনস-এ রিসার্চ প্রফেসর হিসেবে কাজ করছেন। তার উল্লেখ্যযোগ্য রিসার্চ–পেপার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এক সময় ধনঞ্জয় সাহা রম্যরচনা লিখতেন। তবে এখন ছড়া, কবিতা ও গল্প লিখেন। এখন পর্যন্ত তার ছয়টি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ বাংলা একাডেমি’র কবি শামসুর রহমান হলে ড. ধনঞ্জয় সাহার দুটি ছড়াগ্রন্থ সোনামণিদের ছড়া- ‘ভূত প্রেত আর জ্বিনি’ এবং ‘মাছ’ এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এসময় বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা বলেন, ছড়াগুলো খুব সুন্দর হয়েছে। তিনি আরো বলেন, ড. সাহার ছড়াগুলো বিষয়ভিত্তিক। এর আগে কয়েকজন এমন লিখেছেন কিন্তু ড. সাহা লিখেছেন সিরিজ আকারে। এটা শিশুতোষ সাহিত্যে একটা নতুন সংযোজন।
ড. ধনঞ্জয় সাহা দুই সন্তানের জনক। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। ড. সাহার উদ্যোগে গতবছর নিউইয়র্কে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছরেও আগামী জুলাই মাসের শেষের দিকে ড. সাহার উদ্যোগে নিউইয়র্কে আরও একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।