সিউল , দক্ষিণ কোরিয়া: আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে কোরিয়ার রাজধানী সিউলের হাংগাং নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। হাংগাং তীরের জনবহুল টুরিস্ট স্পট ‘ইওইনারু’ তে কোরিয়া প্রবাসী সকল যশোরবাসীরা রবিবার ২৫ শে আগস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী আয়োজন করে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই মিলনমেলা ছিল সর্বস্তরের প্রবাসীদের পর্দাপণে মুখরিত। এই আনন্দ উৎসবে যোগ দিতে হাংগাংপাড়ে সকাল থেকেই ভিড় করতে থাকেন সিউল ও এর আশপাশের বিভিন্ন শহর থেকে আসা যশোরের প্রবাসী বাংলাদেশিরা।
মুন ও তারেক হাফিজুরের সঞ্চালনায় ঈদের এই আনন্দ উৎসবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বিস্কুট দৌঁড়, আসাতে হাঁটা,যশোর জেলা সম্পর্কিত কুইজ, নানা প্রতিযোগিতা।
উপস্থিত সকলে প্রবাসে শত ব্যস্ততার মাঝে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন আয়োজক ও সভাপতি রাকিব হাসান বাবু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতেও প্রবাসী নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজকদের অন্যতম শুভ্যানুধ্যায়ী হাবিল উদ্দিন ও স্পনসর প্রতিষ্ঠান জি এম ই রেমিটেন্স কোম্পানির প্রতিনিধি ।