(করোনাযুদ্ধে জয়ী মার্কিন নার্স এলিজাবেথ সান্দ্রার অনুভূতির বর্ণনার কাব্যরূপ)
কাজী রফিক:
স্তব্ধ কক্ষটায় শুনতে পাচ্ছিলাম ফিস ফিস করে কেউ বলছে, আর নেই,
ছয়ফুট দূরত্বে শুয়ে থাকা নারীর দেহ ততক্ষণে সাদা চাঁদরে ঢাকা পড়েছে।
একসময় মনে হলো অবিন্যাস্ত ঘোরের মাঝে অবিরাম হারিয়ে যাচ্ছি,
চারিদিকে জ্বলে উঠলো আলোর মিছিল, অনশ্বর ছায়ার মতো
কেউ যেন আমার শিয়রে এসে দাঁড়ালো, খুব চেনা মুখ, একে একে
জড়ো হলো অনেকে, হয়তো আপনজনরা এসেছে শেষ বিদায় জানাতে।
দূরে বেজে চলেছে গীর্জার ঘন্টাধ্বনি, কানে ভেসে আসছে ঈশ্বরের স্তুতি,
হিমশীতল বাতাস শির শির বয়ে চলে শরীরজুড়ে।
হঠাৎ একটি শিশুর কান্না, কেউ বলছে্ এখনও সময় হয়নি তোমার,
এক ঐশীমায়ায় জেগে উঠে ভেতরের ইন্দ্রিয়গুলো,
শুনতে পাচ্ছি হৃৎপিন্ডের স্পন্দন।
চোখের পাতা খুলতেই দেখলাম, আলোর ঝলকানি,
একখন্ড আকাশ, প্রকৃতির অবারিত সৌন্দর্য।
আহা, এযেনো আমার দ্বিতীয় জন্ম, কি অদ্ভূদ অনুভূতিতে ঋদ্ধ হলাম,
হৃৎপিন্ডে বেজে চলে জলের ঘূর্ণি, মৃত্যুকে যেনো ছুঁয়ে এলাম।