মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা সমাধানে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। ২৪ মার্চ ২০২২ বৃহঃস্পতিবার হাইকমিশনের কনফারেন্স রুমে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, মালয়েশিয়া প্রবাসীদের সেবায় বদ্ধপরিকর দূতাবাস। যে কোন প্রয়োজনে হাইকমিশনের শরনাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি। এসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের পাশে থাকায় সাংবাদিকবৃন্দের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে প্রবাসীদের কাছে সঠিক খবরটি পৌঁছে দেয়ারও পরামর্শ দেন হাইকমিশনার মো: গোলাম সারোয়র।
এসময় পোস্ট অফিসের মাধ্যমে গত এক বছরে ৩ লক্ষাধিক পাসপোর্ট বিতরণ করা হয়েছে উল্লেখ করে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন হাইকমিশনার। চলমান বৈধকরণের সময়সীমা বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করবেন বলেও জানান তিনি। কথা বলেন দু’দেশের স্বাক্ষরিত শ্রমবাজারের চুক্তি নিয়েও। খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশী কর্মী আসতে শুরু করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন হাইকমিশনার।