মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কাজাং-এ অভিবাসন বিভাগের অভিযানে ২৮৮ জন কাগজপত্রবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক। এর মধ্যে ২৪২ জন পুরুষের পাশাপাশি ৪৬ নারিও রয়েছেন।
অভিবাসন বিভাগ বলছে, ক্লাং-এর হেনতিয়ান-এর পাঁচ তলা বিশিষ্ট ভবনের ছয়টি ব্লকে মোট ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়কে তল্লাশি করা হয়েছে যেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিদেশি কর্মীদের বাসস্থান আছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল সন্ধ্যা ৭:৩০টা থেকে এ অভিযান পরিচালনা শুরু করে।
অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর থেকে বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স এজেন্সি (APMM)-এর মতো অন্যান্য সংস্থার সদস্যরাও ছিলেন।
এক বিবৃতিতে অভিবাসন বিভাগ বলছে, আটককৃতদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা, অভিবাসন আইন লঙ্ঘন, ওভারস্টে, ভুয়া কার্ডধারীর অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ভিত্তিতে তাদের উপর অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া পরিচালনা করবে।