মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: পাসপোর্ট নবায়ন নিয়ে জটিলতা যেনো কাটছেই না মালয়েশিয়া প্রবাসীদের। হাইকমিশন থেকে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরনে আবারো আসলো নিষেধাজ্ঞা। একই সঙ্গে বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট নবায়ন। সবাইকে বাধ্যতামুলক নিতে হবে ই-পাসপোর্ট সেবা। ০১ মার্চ থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহন করা হবে না বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তী প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
পোস্ট অফিস থেকে পাসপোর্টের আবেদন গ্রহন বন্ধ থাকলেও মঙ্গলবার হাইকমিশনের এক নোটিশে তা পুণঃরায় সচল হচ্ছে। হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে বলা হয় ০১ মার্চ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরন করা হবে না। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসে এ্যাপয়েন্টমেন্ট নেয়ারও পরামর্শ দেয়া হয় ঐ বিজ্ঞপ্তীতে। পাসপোর্ট নিয়ে একই দিনে আরো একটি বিজ্ঞপ্তী প্রকাশ করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
প্রকাশিত ঐ বিজ্ঞপ্তীতে এমআরপি পাসপোর্ট নবায়নের সময়সীমা উল্লেখ করা হয়। বলা হয় ৩১ ডিসেম্বর ২০২৫ এর পর এমআরপি পাসপোর্ট নবায়ন বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা। এরই ধারাবাহিকতায় ০১ মার্চ ২০২৫ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহন করা হবে না বলে ঐ বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়।
তবে ভিসাগত জটিলতা এড়াতে বিশেষ বিবেচনায় সীমিত পরিসরে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহন করা হবে বলে ঐ বিজ্ঞপ্তীতে প্রকাশ করা হয়। একই সঙ্গে যাদের জাতিয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনে সমস্যা রয়েছে তাদেরকে সংশোধনী এনে ই-পাসপোর্ট নবায়নের আবেদন করার জন্য প্রবাসীদের পরামর্শ দেয়া হয়। তবে এমআরপি পাসপোর্টে’র আবেদন পোস্ট অফিসের মাধ্যমে গ্রহনযোগ্য হবে না বলে ঐ বিজ্ঞপ্তীতে প্রবাসীদের পরামর্শ দেয়া হয়।