প্রবাস মেলা ডেস্ক: থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে হেরেছিল লজ্জাজনকভাবে। লজ্জাজনক সেই হারের পর নিগার সুলতানা বাহিনী ঘুরে দাঁড়াল মালয়েশিয়ার বিপক্ষে। ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের ১২৯ রানের জবাবে ৪১ রানে অলআউট হয়েছে মালয়েশিয়া।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ফারিহা-রুমানাদের বোলিংয়ে বিধ্বস্ত হয় মালয়েশিয়া। ইনিংসের তখন ষষ্ঠ ওভার। অভিষিক্ত ফারিহা করতে আসেন নিজের তৃতীয় ওভার। প্রথম বলে এক রান দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন উইনিফ্রেড দুরাইসিংগামের উইকেট। ৫ রানে সরাসরি বোল্ড আউট হন এ ওপেনার। ফারিহার তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন মাস এলিসা।
ওভারের চতুর্থ বলে ওভার দ্য উইকেট থেকে ফারিহা দুর্দান্ত এক ইন-সুইঙ্গারে ফিরিয়ে দেন সবে ক্রিজে নামা ইজ্জাতি ইসমাইলকে। গোল্ডেন ডাক দিয়ে ফিরে যান মালয়েশিয়ার ব্যাটার। ফারিহা পরের দুই বলে আর কোনো রান খরচ করেননি। টাইগ্রেসদের বোলিং তোপে মালয়েশিয়ার কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করে তুলেন নুর আরিয়ানা ও এলসা হান্টার।
বাকিদের মধ্যে হামিজাহ হাশিম ৮, উইনিফ্রেপ দুরাইসিংগাম ৫, আইনা নাওজা ৫ ও শাশা আজমি ৪ রান করেন। শূন্য রানে আউট হন দলটির পাঁচ ব্যাটার। বাংলাদেশের হয়ে তৃষ্ণা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার।
এর আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে টাইগ্রেসরা। শুরুতে ব্যাট করতে নেমে মন্থর ব্যাটিংয়ে চাপেই ছিল নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ১৪ ওভার শেষে রান ছিল মাত্র ৬৯, যদিও তখনো হাতে ছিল ৮ উইকেট।
এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা জ্যোতি মিলে দলকে সম্মানজনক লক্ষ্য এনে দেন। দুজনই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানা ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন।