রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রিতিনিধি: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী ও অন্যদের স্মরণে আজ আম্মানে বাংলাদেশ দূতাবাসে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। একইসঙ্গে জাতীয় শোক দিবসও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দুপুরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং আম্মানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মান্যবর রাষ্ট্রদূতের উপস্থিতিতে সকলে অকালে প্রাণ হারানো শিক্ষার্থী ও অন্যান্য নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়।
রাষ্ট্রদূত বলেন, “সতেরো কোটি শোকাহত মানুষের অশ্রুসিক্ত প্রার্থনা মহান আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা যারা দূরে আছি, তারাও দেশের মানুষের সঙ্গে সমব্যথী।”
এই বিশেষ দোয়ার অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।