প্রবাস মেলা ডেস্ক: ২৪ অক্টোবর ২০২২, সোমবার কোলকাতার বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী ও সংস্কৃতি-কর্মীদের একটি দল মাইটিভি অফিস পরিদর্শন করেন। তাদেরকে স্বাগত জানান মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী। শিল্পীদের আগমনে মাইটিভি অফিসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা সবাই কোলকাতার সঙ্গীত সংগঠন রবির-বীণা’র সদস্য। তারা মূলত বাংলাদেশে এসেছিলেন উদীচী’র (গোপালগঞ্জ জেলা) আমন্ত্রনে। তাদের সম্মানে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী’র উদ্যোগে আড্ডা এবং আপ্যায়নের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জুবাইদা নাজনীন চৌধুরী, মাইটিভি’র প্রডিউসার হারুন মেহেদী, মাইটিভি’র কর্মকর্তা মুনমুন লুসি, উদীচী’র সংগঠক বিমল মজুমদার ও প্রবাস মেলা’র উপদেষ্টা, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ।

কোলকাতার শিল্পীরা আড্ডায়-আলাপে আবেগাপ্লুপত হয়ে বলেছেন, বাংলাদেশে এসে আমরা আপনাদের যে ভালোবাসা এবং আন্তরিকতা পেয়েছি তা কখনোই ভুলবার নয়। আমাদের মনে হয়নি যে আমরা অন্য কোন দেশে আছি। মনে হয়েছে নিজের ঘরেই তো আছি। অনেককেই বলতে শোনা গেছে এমন আতিথেয়তা গ্রহণ করার জন্য আমরা বার বার আসবো এদেশে। তাদের কেউ গান গেয়ে, কেউ কবিতা আবৃত্তি করে আবার কেউ-বা যন্ত্রসঙ্গীত বাজিয়ে আড্ডাকে করে তোলেন প্রাণবন্ত। এসময় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীও বলেন, আপনার আবার আসবেন, বার বার আসবেন, আপনাদের স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করবো।
রবির-বীণা’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং রবির-বীণা সংগঠনের সম্পাদক বীণা ভট্টাচার্য, লেখিকা, নাট্যকর্মী ও সিরিয়াল আর্টিস্ট মহুয়া পৈত, রবির-বীণা, কোলকাতা’র সাংস্কৃতিক সম্পাদিকা ও আকাশবাণী বেতার শিল্পী মলি ভৌমিক, লালন ও লোকসঙ্গীত গবেষক, বিশিষ্ট সুরকার দীপেন ভট্টাচার্য, লোকসঙ্গীত শিল্পী ইঞ্জিনিয়ার দীপঙ্কর দাস, সঙ্গীতশিল্পী ববিতা সরকার, মল্লিকা চক্রবর্তী, প্রতিমা প্রামাণিক, বাচিকশিল্পী ও নাট্যশিল্পী শ্যামলী রায়, শিবশংকর চক্রবর্তী, প্রিয়ব্রত চক্রবর্তী।