প্রবাস মেলা ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের গুলিতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) চারজন নিহত হয়েছেন। মহারাষ্ট্র রাজ্যের পালঘার রেলস্টেশনে চলন্ত ট্রেনে এই গুলির ঘটনা ঘটে। আরপিএফ বলছে, জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (১২৯৫৬) ট্রেনে এক এএসআইসহ চারজন নিহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। নর্থ জিআরপির ডিসিপিকে বিষয়টি জানানো হয়েছে।
অভিযুক্ত আরপিএফ কনস্টেবলের নাম চেতন সিং। তিনি তার দাপ্তরিক স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে সোমবার ভোর ৫টার দিকে গুলি করতে শুরু করেন। তার গুলিতে এএসআই টিকারাম মিনা নিহত হয়েছেন। ট্রেনের তিন যাত্রীও এই গুলিতে নিহত হন। ট্রেনটি জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
টিকারাম মিনা রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাসিন্দা। চেতন সিং উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের সঙ্গে আরপিএফের দুই জওয়ান ছিল। পুলিশ তাদের বক্তব্য নিয়েছে বলে জানান তারা।
বাহিনীটির শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চেতন সিংয়ের অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা ছিল।