মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: প্রবাসে সাংবাদিকদের বড় সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে ভেনিস বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সন্ধ্যায় ভেনিসের একটি হোটেলে নবীন প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেনিস বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলা টিভির প্রতিনিধি মেসবাহ উদ্দিন আলালের সভাপতিত্বে ও সদস্য সচিব জুম্মন অনিকের পরিচালনায় বক্তব্য রাখেন রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট ও ভেনিস বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ জনাব রেহান উদ্দিন দুলাল, দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর প্রকাশক ও সম্পাদক, উপদেষ্টা শাহাদাত হোসেন, উপদেষ্টা আলম জাহাঙ্গীর, সহ সভাপতি সোহেলী আক্তার বিপ্লবী, যুগ্ম সম্পাদক হোসেন মোবারক এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন।
এ সময় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ, অন্যদিকে প্রবাসে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ কারণ, নিজের কর্ম ব্যস্ততার মাঝে সংবাদ সংগ্রহ করতে হয় এবং তা অনেকটা সামাজিক দায়বদ্ধতা থেকেই করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই সাংবাদিক তাই প্রকৃতভাবে যারা সাংবাদিকতার সাথে জড়িত মহান এ পেশা তাদের জন্য প্রতিযোগিতা স্বরূপ। আমরা যারা সংবাদ পেশার সাথে রয়েছি যদি বস্তুনিষ্ঠ সংবাদ তুলে না ধরতে পারি তবে প্রতিযোগিতায় পিছিয়ে যেতে হবে। দেশের কথা প্রবাসীদের কথা সঠিকভাবে নিষ্ঠার সাথে তুলে ধরলে দেশ ও জাতির উপকার হবে। প্রবাসে বিশেষ করে ইউরোপে বাংলাদেশ কমিউনিটির সাফল্য গাঁথা আরও বেশী প্রচার করার আহবান জানানো হয়।