প্রবাস মেলা ডেস্ক: গ্রামীণ পটভূমিতে নির্মিত বাংলা সিনেমা ‘কথা দিলাম’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা জামশেদ শামীম। আসছে ভালবাসা দিবসে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। জসিম উদ্দিন আকাশ প্রযোজিত ‘কথা দিলাম’ নির্মাণ করেছেন রকিবুল আলম রাকিব। ট্রেলার মুক্তির পর থেকেই ইতিবাচক মন্তব্য পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।
‘কথা দিলাম’ সিনেমায় কেয়া-জামশেদ ছাড়া আরও দেখা যাবে সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।