প্রবাস মেলা ডেস্ক: ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় ৪ সেপ্টেম্বর ২০২১ থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচকের একটি সূত্র জানায়, বাংলাদেশকে এয়ারবাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল ভারত। এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে।
বেবিচক জানায়, এতে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না। এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২ আগস্ট ২০২১ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছিল। বিমান প্রাথমিকভাবে প্রতি রোববার ও বুধবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে দুটি ফ্লাইট এবং রবিবার ও মঙ্গলবার ঢাকা-কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। এরপর আবারও শুরু হয় তোড়জোর। যার প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচলের শুরু হওয়ার কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।