শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ভারতের অর্থনৈতিক অবস্থা এমনিতেই বর্তমানে খারাপ অবস্থায় আছে করোনা ভাইরাসের জন্য। এমতাবস্থায় রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে সারা দেশ জুড়ে।
সেই সাথে এবার বাড়তে পারে কেরোসিন তেলের দাম। এ যেন গোদের ওপরে বিষফোঁড়া! বিশেষ সূত্র মারফত জানা গেছে যে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানুয়ারী মাসে যে হারে কেরোসিন তেলের দাম ধার্য করেছে তাতে প্রতি লিটার কেরোসিন তেলের দাম ৪ টাকার কাছাকাছি বাড়তে পারে।
এমনিতেই ভারতের অধিকাংশ জনসাধারণের আর্থিক পরিস্থিতি খারাপ হয়েছে করোনার জন্য। অনেক মানুষই তাদের কাজ হারিয়েছেন। দেশজুড়ে ক্রমশ বেড়েই চলেছে বেকারের সংখ্যা। এমতাবস্থায় যদি এভাবে কেরোসিন তেলের দাম বাড়ে তাতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কষ্ট বাড়বে বই কমবে না।