প্রবাস মেলা ডেস্ক: মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজু। শপথ গ্রহণের একদিন পর শনিবার (১৮ নভেম্বর) এই দ্বীপ দেশ থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানান মালদ্বীপের নতুন এই প্রেসিডেন্ট। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ।
মালদ্বীপের এই ঘোষণার পরই ভারত সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়। এই বিষয়ে সমাধান খুঁজতে মালদ্বীপের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারত। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে বলে শনিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর কার্যালয় জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মালদ্বীপের এই ঘোষণার পর সমস্যার সমাধানসূত্র খুঁজতে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে।
শনিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও মুইজুর মধ্যে একটি বৈঠক হয়েছে। জানা গেছে, ওই বৈঠকেই মালদ্বীপে ভারতীয় সেনাদের রেখে দেয়ার প্রয়োজনীয়তার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। দুপক্ষই সম্মত হয়েছে এ বিষয়ে সমাধান খুঁজতে বৈঠকে বসার প্রয়োজনীয়তার বিষয়ে।
ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে ভারতের প্রায় ৭০ জন সেনা রয়েছেন। এছাড়াও দেশটিতে ভারতীয় কিছু রাডার এবং নজরদারি বিমান রয়েছে। মোহামেদ মুইজুর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এই দ্বীপপুঞ্জ থেকে বিদেশি সেনা প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা। শুক্রবার শপথ নেয়ার পরপরই জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সেই ভাষণে ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক কর্মী থাকবে না।’
শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় রাজধানী মালে সিটির রিপাবলিক স্কয়ারে মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন মোহামেদ মুইজু। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান।