সুহাস বড়ুয়া, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে: ২৯ ডিসেম্বর ২০২৩ বোস্টনে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস’ এর কার্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু এবং ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরকে নিঃস্বার্থ জীবনাচরণ ও মানব কল্যাণে গুরুত্বপুর্ণ অবদানের জন্য একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের মহাসচিব সুহাস বড়ুয়া সম্মাননা স্মারকটি সম্মানিত সংঘনায়কের হাতে তুলে দেন। বৌদ্ধ ধর্মগুরু অধ্যাপক বনশ্রী মহাথের সংগঠনের লক্ষ্য, উদ্যেশ্য ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, বুদ্ধের ধর্ম অসাম্প্রদায়িক ও অহিংসার ধর্ম। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কল্যাণ কামনা করে তিনি বলেন, বৌদ্ধরা জন্ম জন্মান্তরের দিক থেকে বিশ্ববাসীদের জ্ঞাতী। তাই যে যেখানে থাকুন, পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব জাগ্রত রাখবেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু, লেখক ও গবেষক তনহংকর থেরো, নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিস্ট ফেডারেশনের সহ সভাপতি সৌমেন্দু বড়ুয়া, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জু বড়ুয়া, ও লিমা বড়ুয়া।
উল্লেখ্য ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু, বহু গ্রন্থ প্রণেতা, অধ্যাপক বনশ্রী মহাথের, আমেরিকার বোস্টন শহরে অবস্থান করে বিভিন্ন ধর্মীয় এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে ব্যস্ত দিন অতিবাহিত করেন। ১৭ ডিসেম্বর বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই গুণী ধর্মগুরুকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর যুগ্ম অর্থসচিব প্রজয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়ার নেতৃত্বে বোস্টনে ধর্মসভা, সম্মাননা প্রদান ও জ্ঞাতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য বিশিষ্ট প্রকৌশলী ও ফাইজার ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা সুতপা বড়ুয়া সংঘনায়ককে সম্মাননা স্মারক প্রদান করেন। ইন্টারন্যাশনাল শাক্যমুনি বুড্ডিস্ট বিহারের উদ্যোগে সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের এর সম্মানে বিশেষ ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ১৬ ডিসেম্বর। নেপালের বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ডক্টর পান্নালোকা মহাস্থবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় সমপ্রদায়ের নেতৃবৃন্দের যোগদান করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।