ধনঞ্জয় সাহা
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
তুমি মাঝে-মধ্যেই আমাকে কল করো
জিগ্যেস করো কেমন আছি, কিভাবে কেটেছে
সঙ্গীহীন রাত, ব্যস্ত দুপুর অথবা
কবে হবে মধুমাখা বউভাত। কবে আসবে সেই
দিন যখন চৌকাঠে বসে চিবুবো বাদাম
নাম ধরে ডেকে মনের মানুষ শোনাবে আমার
অন্তহীন সাধ।
আমার নেই বেশি কিছু বলার, চুপচাপ থেকে
মৃদুভাবে বলি, ভালো আছি,
যেমনটি ছিলাম দু’যুগ
আগে, যেমন ছিলাম
ঘূর্ণিঝড়ের আগে
তোমার পদার্পণের আগে ।
যেমন ছিলাম যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার
পূর্ব মুহূর্তে, শ্রীচৈতন্যের তিরোধানের অথবা
মোহাম্মদের মক্কা ত্যাগের আগে, যারা
আমাকে জন্ম দিলো, পথ দেখালো আলো হাতে;
যারা বললো অন্যায় থেকে দূরে থাকো, তাদের
বুকে তীর ছুঁড়ে, তাদের মাথায় শোণিত ঝরিয়ে
তুমিই বলো কেমন থাকি?
তুমি তো জানো আমি কেমন সুখে আছি!
তবুও তুমি পুনঃ প্রশ্ন করো
কেমন আমার হৃদয়ের দাগ,
ছিঁড়েছে আবার কিনা জোড় দেয়া সুতা
কোনো কবিরাজ মধ্যরাতে;
গাঢ় অনিচ্ছায় একগাল হেসে
বসিয়েছে রাতের নিঝুমতার ডাকাতির ভাগ।
আমি শুধু বলি, ভালো আছি
সর্বহারা পৃথিবীতে তুমি ছাড়া
আমি তো বেশ সুখেই আছি!