ফারুক আহামেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম থেকে: বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস, বাসেলসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোছা: শাহানারা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রথম সচিব ও দূতাবাস প্রধান মো: রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন সহিদুল হক, মনির হোসেন পুলিন, জাহাঙ্গীর চৌধুরী রতন, রেজাউল ইসলাম খান, দাউদ খান সোহেল, রাসেল মোল্লা, খালেদ মিনহাজ। দূতাবাসে আয়োজিত ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

দুতাবাসের কর্মকর্তারা জানান, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত দাবি পূরণ হলো, যা বেলজিয়ামে সদ্য আগত বাংলাদেশিদের নিয়মিতকরণে সহায়তা করবে। অনুষ্ঠানে আগত বেলজিয়াম প্রবাসীরা বাংলাদেশে দূতাবাস ব্রাসেলসে, ই-পাসপোর্ট সুবিধা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বকে ধন্যবাদ জানান। এ সময় ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ই-পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়া আবেদন ফরম পূরণেরপ্রক্রিয়া সহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি খুব শিগগিরই দূতাবাসের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি আকারে বিস্তারিত জানানো হবে বলে জানান দূতাবাস কর্তৃপক্ষ।