ফারুক আহামেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম থেকে: দেখতে দেখতে ৫ম বর্ষে পদার্পণ করলো বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সাংস্কৃতিক সংগঠন বেলগোবাংলা কালচারাল এসোসিয়েশন। প্রবাসের মাটিতে যাযাবরের যাপিত জীবন। সে জীবনও খোঁজে ভালোলাগার, ভালোবাসার কিছু মুহূর্ত। মন ফিরে যায় দূর অজানায়। স্মৃতি বিজড়িত কখনো সে মন আনন্দে বিভোর, কখনো বুক ভারী হয়ে আসে কি যেননা পাওয়ার হতাশায়। চোখ বুঝলেই মাতৃভূমির চিকচিক করা চোখের জলে বহতা জীবন, বয়ে চলা প্রবাসী বাংলাদেশীদের এইসব দিন রাত্রি। জীবন আর জীবিকার তাগিদে দূর প্রবাসে শত ব্যস্ততার মাঝেও মন চায় দেশীয় সংষ্কৃতি, কৃষ্টির আবহকে ধরে রাখতে।
তারই লক্ষে প্রবাসে মাটিতে গড়ে তোলা হয় বেলগো বাংলা। বছরের পর বছর অনেক চড়াই, উৎরাই পেরিয়ে আজ পাঁচবছর পূর্ণ করলো বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন। এই সময়ে বেলগো বাংলার আয়োজনে পয়লা বৈশাখ, পিঠা উৎসব, বনভোজন, বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সারা বেলজিয়ামে ছড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেলগো বাংলার নিরন্তর প্রেরণার উৎস। পাশাপাশি ভ্রাতৃপ্রতিম স্থানীয় বেলজিয়াম এবং পার্শ্ববর্তী দেশসমূহ থেকে আগত অতিথিবৃন্দ এইসব অনুষ্ঠানকে দিয়েছে সার্বজনীনতা।
হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বেলগো বাংলার স্বপ্ন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের মাঝে দেশের ঐতিহ্যকে সঠিকভাবে প্রদর্শন করা। যাতে করে মাতৃভূমির সংস্কৃতিকে হারিয়ে না ফেলে। বেলগো বাংলার অভিলাষ, সামাজিক মেলবন্ধনে মানবিক আর মানসিক উৎকর্ষতার।
বেলগো বাংলার বিশ্বাস, মুক্ত মন আর মুক্ত চিন্তা খুলে দেবে প্রগতির অবিরত দুয়ার। বেলগো বাংলার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ততা। শুভ বেলগো বাংলা, জয়তু বাংলাদেশ। জয় হউক বাংলা সংস্কৃতির, জয় হউক বাংলা গানের, জয় হউক বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের। ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বেলগো বাংলার সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। তবে আগামী ২০২৪ সালের ১৯ মে এই শুভক্ষণ এবং বৈশাখী উৎসব খুবই জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটন, তপন রায়, শরিফুল ইসলাম মনজু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দিন, মহসিন হোসেন, মান্নান মিয়া, রোমানমিয়া, মাহফুজ সিকদার, আশীষ শীল ও জুয়েল মিয়াসহ আরো অনেকে।