জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বৃটেনে বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রিকেট আয়োজন সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তৃতীয় আসরের উদ্বোধন ও প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) নিউবেরি পার্ক গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মুরাদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়হান রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ, সহসভাপতি আখলাসুল মুমিন ও নোমান আহমেদ দোয়েল, সাধারণ সম্পাদক এ বি জুনেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নিজাম আহমদ, সিনিয়র সদস্য জাকির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কারিম রুমেল, সিটি কাপ চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ ও কার্যকরী কমিটির সদস্য রাসেল আহমেদ, সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন রিংকুসহ কার্যকরী কমিটির সদস্যরা।
এ ছাড়া সিপিএম ইউকের সদস্য, বিভিন্ন শহর থেকে আসা খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শক ও শুভাকাঙ্ক্ষী অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম পর্বের খেলা শেষে গ্রুপ ‘এ’ থেকে ব্লাডফুড ওয়ারিয়র্স, গ্রুপ ‘বি’ থেকে এসেক্স নিও, গ্রুপ ‘সি’ থেকে নিউপোর্ট থান্ডার স্ট্রাইকার্স এবং গ্রুপ ‘ডি’ থেকে লুটন ফাইটার্স সেমিফাইনালে জায়গা করে নেয়।
আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটের চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নতুন খেলোয়াড়দের খেলার সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে আরও ভালো ক্রিকেটার উঠে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
দর্শকরাও টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ক্রিকেটের প্রত্যাশা করছেন। আয়োজকদের মতে, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে উচ্চপর্যায়ের ক্রিকেটে নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন।