প্রবাস মেলা ডেস্ক: আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খলিফায় ভেসে উঠলো ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনের দেয়ালে বিশেষ আলোতে রানির প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুর্জ খলিফা কর্তৃপক্ষ টুইটারে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, আকাশচুম্বী ওই ভবনে প্রথমে রানির প্রতিকৃতি ফুটে ওঠে। এরপরেই যুক্তরাজ্যের পতাকার ছবি ভেসে ওঠে।
৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা যান।
نضيء #برج_خليفة لنعبّر عن خالص عزائنا ومواساتنا للشعب البريطاني في وفاة الملكة إليزابيث الثانية.#BurjKhalifa
— Burj Khalifa (@BurjKhalifa) September 11, 2022
lights up to extend our deepest condolences for the passing of her Majesty Queen Elizabeth II. pic.twitter.com/m5M0n1Qx1Y
এদিকে স্থানীয় সময় শনিবার বুর্জ খলিফায় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগুনী আলো জ্বালিয়ে তার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়।
রানির মৃত্যুর ঘটনায় বিশ্বের অনেক দেশই নানা ভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছে। শনিবার রানির প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউজে শনি ও রোববার বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
কয়েক মাস আগেই রানি এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।
মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
এদিকে স্কটল্যান্ডের রাজধানী ও যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এডিনবরায় পৌঁছেছে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (১২ সেপ্টেম্বর) সেন্ট জাইলস ক্যাথেড্রালে তার মরদেহ রাখা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
রানির বিদায় উপলক্ষে সব আনুষ্ঠানিকতা ঘিরে স্কটল্যান্ডে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) বালমোরাল প্রাসাদ থেকে এডিনবরায় নেওয়া হয় রানির শববাহী কফিনটি। পথে বহু মানুষের ভালোবাসায় সিক্ত হন রানি দ্বিতীয় এলিজাবেথ।
জনসাধারণ প্রিয় রানিকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তার কফিন দেখার সুযোগ পাবেন আজ। প্রথমে সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হবে মরদেহ, তারপর নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। সেখানেই আগামী চারদিন থাকবে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ।