ডেস্ক রিপোর্ট: ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী, উপস্থাপিকা মুনিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ২৯ ডিসেম্বর ২০১৯ রাজধানীর সেনাকুঞ্জে মুনিয়া ও আজওয়াদ হায়দারের বিয়ের আনুষ্ঠানকিতা সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন মুনিয়া। তার আগে ২৮ ডিসেম্বর মুনিয়া ও আজওয়াদের গায়ে হলুদ সম্পন্ন হবে। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর মুনিয়া ও আজওয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দুই পরিবারের সম্মতিতেই মুনিয়া ও আজওয়াদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। আজওয়াদের গ্রামের বাড়ি চট্টগ্রামে। আজ থেকে পাঁচ বছর আগে তাদের পরিচয় থেকে প্রেমের সম্পর্কের শুরু। আজওয়াদ আগে ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করলেও বর্তমানে তিনি আমেরিকাতে এমবিএ করছেন। আগামী ডিসেম্বরে শেষ হবে তার পড়ালেখা। এদিকে বিয়ের পর পেরুতে হানিমুনে যাওয়ার ইচ্ছে রয়েছে দু’জনেরই। বিয়ের আনুষ্ঠানিকতার পর আজওয়াদ আমেরিকা চলে যাবেন ৪ জানুয়ারি। নিজের বিয়ে প্রসঙ্গে মুনিয়া বলেন,‘ আল্লাহর অশেষ রহমতে আজওয়াদের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি সুন্দর মনের একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আজওয়াদ সত্যিই ভীষণ ভালো মনের একজন মানুষ। সবার কাছে দোয়া চাই, আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা যেন ভালোভাবে সম্পন্ন হয় এবং আমরা যেন বিয়ের পর সুখী হতে পারি, সুখে-দুঃখে একসাথে বাকিটা জীবন কাটাতে পারি।’ মুনিয়ার বাবা নজরুল ইসলাম, মা হাসিনা আক্তার। আজওয়াদের বাবা আনোয়ারুল হায়দার ও মা জামিলা হায়দার। মুনিয়ার বাবা ২০১৪ সালে ইন্তেকাল করেন। রাজধানীর বনানী কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়। মুনিয়ার ভাষ্য মতে তার বাবা বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন। বাবার অবর্তমানে তার মা এবং তাকেই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য সব কষ্ট করতে হচ্ছে। তবে এই কষ্টের মধ্যেও এক ধরনের ভালোলাগা আছে বলে জানান মুনিয়া। মুনিয়ার গ্রামের বাড়ি যশোহরে। বর্তমানে মুনিয়া চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ এবং ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি তিনি বিটিভির ‘রক অ্যাণ্ড রোল’ এবং ‘রক কার্নিভাল’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। বর্তমানে তিনি রুলীন রহমানের ‘সুতোয় বাঁধা সুখের পায়রা’ ধারাবাহিকেই অভিনয় করছেন শুধু।
বিয়ে করছেন মুনিয়া