প্রবাস মেলা ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহর থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ১৬ জানুয়ারি ২০২২, রবিবার স্থানীয় সংবাদসংস্থার বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।
তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে এ রকম অনেকগুলো ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, ইরানের সামরিক বাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালাচ্ছে। আর এ মহড়া যখন হচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে।
আসাদাবাদ শহরের গভর্নর বলেন, একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে। কিন্তু তার উৎস সম্পর্কে এখনো পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া বৈরী থাকার কারণে প্রাথমিকভাবে এটিকে বজ্রপাতের শব্দ বলে মনে হয়েছে। এ সম্ভাবনাকে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে রোকনা নিউজ ওয়েবসাইট বলছে, কোনো কোনো স্থানে শব্দের তীব্রতায় বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠেছে। ভয়ে লোকজন ঘর থেকে বেরিয়ে এসেছেন।
টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা ড়েগছে, বিমানবিধ্বংসী অস্ত্র থেকে এসব শব্দ আসছে। তবে সামাজিকমাধ্যমের ফুটেজের সত্যতায় যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমগুলো। ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তি পুনর্বহালে ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে। আবার ইসরাইলের সঙ্গেও বৈরিতাও চরম রূপ নিয়েছে।
দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরানকে এই প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে কূটনীতি তৎপরতা ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে।