প্রবাস মেলা ডেস্ক: করোনা মহামারির আঘাতে পর্য্যুদস্ত ভারতের পর্যটন খাতকে চাঙ্গা করতে পাঁচ লাখ বিদেশিকে বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা দেবে দেশটি।
ভিসা কার্যক্রম শুরু হলে প্রথম পাঁচ লাখ ভিসা দেওয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন। বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো খবরে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানান, এই সুবিধা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত অথবা পাঁচ লাখ ভিসা দেওয়া পূর্ণ হওয়া পর্যন্ত চলবে।
উল্লেখ্য, দেশটির সরকারি অনুমিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক কোটি নয় লাখ ২০ হাজার বিদেশি ভারতে বেড়াতে গেছেন এবং তারা প্রায় ৩০ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে। কিন্তু কোভিড-১৯ এর প্রকোপে প্রায় দেড় বছর ধরে ভারতের পর্যটন খাতে আয় তলানীতে গিয়ে ঠেকেছে। তাই ভারত সরকার বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে উক্ত কর্মসূচী হাতে নিয়েছে।