প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার কর্তৃক আশিক চৌধুরীকে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ এপ্রিল) জারি করা হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আশিক চৌধুরীকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।