প্রবাস মেলা ডেস্ক: ৬ জুলাই, রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী একটি বিনোদনমূলক অনুষ্ঠান—‘তারকা তর্ক’।
অনুষ্ঠানের আলোচ্য বিষয়: ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর?’ আর এতে অংশ নিয়েছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের চার গুণী ব্যক্তিত্ব—কবি আসাদ কাজল, সংগীতশিল্পী খুরশিদ আলম, কণ্ঠশিল্পী আলম আরা মিনু এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবি রেজাউদ্দিন স্টালিন। রসাত্মক হলেও যুক্তিনির্ভর এই পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সৌন্দর্য নিয়ে উপস্থাপন করেন নানা যুক্তি, অভিজ্ঞতা ও মজার মন্তব্য।
অনুষ্ঠান প্রসঙ্গে কবি আসাদ কাজল বলেন, “এই আয়োজনে আমন্ত্রিত হয়ে ভালো লেগেছে। আমি ‘পুরুষ সুন্দর’—এই পক্ষে যুক্তি দিয়েছি। যেমন—নারীকে সাজতে হয়, অথচ পুরুষ এমনিতেই সুন্দর। নারীর সৌন্দর্যচর্চায় কোটি কোটি টাকা ব্যয় হয়, যা পুরুষদের ক্ষেত্রে হয় না। এসব যুক্তি তুলে ধরতে পেরে তৃপ্তি পেয়েছি।”
অনুষ্ঠানের উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন বলেন, “নারী সুন্দর না পুরুষ—এ বিতর্কে উভয় পক্ষই চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন। চার তারকাই প্রাণবন্তভাবে অংশ নিয়েছেন, ফলে পুরো পর্বটি হয়েছে তথ্যবহুল ও উপভোগ্য।”
রস, যুক্তি ও বিনোদনের মিশেলে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন।