সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাহরাইন প্রবাসীদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ দুতাবাস বাহরাইন। দূতাবাস করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে খাদ্য সঙ্কটে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাহায্যার্থে এ খাদ্য বিতরণ কর্মসূচি চালু করেছে । প্রকৃত খাদ্য সঙ্কটে থাকা কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে দূতাবাস স্থানীয় বাংলাদেশি প্রতিনিধিদের সম্পৃক্ত করে এই কার্যক্রম পরিচালনা করছে। দূতাবাস খাদ্য সঙ্কটে থাকা ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করেছে। এছাড়া দূতাবাসের ফেসবুক পেইজ মাধ্যমে প্রতিনিয়ত যারা যোগাযোগ করছেন তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রকৃত খাদ্য সঙ্কটে থাকা ব্যক্তিরা দূতাবাসকে অবহিত করলে দূতাবাস এই সহযোগিতা প্রদান করছে। বাহরাইনে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম দূতাবাসের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেইলের মাধ্যমে প্রবাসীদের খাদ্য সঙ্কটের বিষয়ে দূতাবাসকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে বাহরাইনের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহরাইনে আড়াই লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।