সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে যথাযথ শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের সঙ্গে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালন করা হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতীয় পতাকা অর্ধনমিত করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দূতাবাসের সকল কর্মকর্তা–কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম এবং পররাষ্ট্র-পতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেনবাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ , বাহরাইন বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। আরো উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মনজুর আহমেদ,ব সিআইপি মোহাম্মদ শফি উদ্দীন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ব্যবসায়ী খায়রুল বাশার।
আলোচনা পর্বে প্রবাসী নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং এই শোককে শক্তিতে রূপান্তর করে আরো উদ্যম ও দেশপ্রেম নিয়ে দেশের উন্নয়নে অধিকতর অবদান রাখার অঙ্গীকার করেন। আলোচকরা বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকর করার জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পলাতক খুনীদের দেশে এনে রায় বাস্তবায়ন করার আহ্বান জানান।
বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজেরও দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকরের দাবী করেন। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও জাতির পিতার সংগ্রাম আর জীবন-কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।