প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবীব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে এই অভিনেত্রীর। তার বাবা হাবিবুল ইসলাম হাবীবও একজন চলচ্চিত্র পরিচালক। তবে মিডিয়ায় বাবা মেয়ের দু’জনের ক্যারিয়ার দীর্ঘ হলেও একসঙ্গে কখনও কাজ করেননি তাদের।
কিন্তু এবারই প্রথম বাবার পরিচালনায় ‘যাপিত জীবন’ সিনেমায় কাজ করবেন ভাবনা। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি।
নিজের সিনেমায় মেয়েকে নেয়ার প্রসঙ্গে পরিচালক হাবীব জানান, বর্তমান সময়ে অনেকেই বলছেন ভাবনা ভালো কাজ করছে। আমি যে সিনেমাটি বানাচ্ছি, সেখানে কাজ করার জন্য ভালো অভিনয় জানে এমন অভিনেত্রী প্রয়োজন। আর ভাবনাকে দেখেছি ভালো কাজের জন্য সে রিসার্চ করে। সেই সঙ্গে অভিনয়ের জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে। যেটা অনেক অভিনেতা-অভিনেত্রীরা করে না। ও চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে কাজ করে। তাই আমার মনে হয়েছে এই ছবিতে ভাবনা কাজ করলে চরিত্রটি ভালো রুপায়ণ করতে পারবে। আমি বাবা হিসেবে নয়, একজন অভিনেত্রী ভাবনাকে সিলেক্ট করেছি।
তিনি আরও বলেন, শুটিং এ নিজেদের সম্পর্ক থেকে বের হয়ে প্রফেশনালিজমটা আমরা অবশ্যই ধরে রাখব। ক্যামেরার সামনে যখন ও দাঁড়াবে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড়াবে, মেয়ে হিসেবে নয়। আর কাজের জায়গায় কাজ এবং সম্পর্কের জায়গায় সম্পর্ক থাকা উচিত। তাহলে কাজের ধারাটা ঠিক থাকবে।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) থেকে রাজবাড়িতে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমায় ভাবনার সঙ্গে পর্দা শেয়ার করবেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া এতে আরও অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তিসহ আরও অনেকে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিলে মুক্তি পেতে পারে বলে জানান পরিচালক।