প্রবাস মেলা ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশার বাগদান সম্পন্ন হলো। তিনি বিয়ে করতে যাচ্ছেন সৈয়দ আজগরকে, যিনি একটি এজেন্সিতে কর্মরত। ১৫ জানুয়ারি ২০২২, শনিবার এ অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে। তাসনুভা তিশা বলেন, ২ ফেব্রুয়ারি বিয়ে অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
তাসনুভা তিশা বলেন, প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন। তাসনুভা তিশা বলেন, ‘আজগর একটি এজেন্সিতে কর্মরত। এজেন্সির শেয়ার হোল্ডার। ওর সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।
আমার যেহেতু সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টিকে কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওর (আজগর) পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে। ওর মা বিষয়টিকে খুবই ইতিবাচকভাবেই নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরও অনেক বেশি খুশি হয়েছি।’
তিনি আরও বলেন, ‘গতকাল আমার বনশ্রীর বাসায় আমার ও আজগরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়। আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটা একই মাসে করবো। তবে সেটা কবে, এখনও চূড়ান্ত হয়নি। আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি এ মাসের শেষে দেশে আসবেন। তারপর পরিকল্পনা করে একটা সময়ে অনুষ্ঠান করার চিন্তা আছে।’
এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। ৪ বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই পরিবারে তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।