শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: বাংলা সিনেমার ঐতিহ্য বিরাট। এই সিনেমাতে অনেক রোমান্টিক জুটি তৈরি হয়েছে। যারা বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে তুলেছে ঝড়। বাংলা সিনেমার রোমান্টিক জুটির কথা ভাবলে সবার আগে মনে পড়ে যাদের নাম তারা হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন।
উত্তম-সুচিত্রা জুটি বাংলা সিনেমাতে সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস। সাড়ে চুয়াত্তর থেকে পথচলা শুরু হয় এই জুটির। তারপর থেকে হারানো সুর, ইন্দ্রাণী, শাপমোচন, সপ্তপদী, চাওয়া-পাওয়া সহ একের পর এক অনবদ্য সব বাংলা সিনেমা উপহার দেয় এই জুটি।
উত্তম-সুচিত্রা জুটির কেমিস্ট্রি অসাধারণ। যার কোন তুলনাই হয় না। এনারা ছিলেন একে অপরের পরিপূরক। পর্দায় এনাদের অভিনয় দেখে আজো মুগ্ধ হয়ে যায় আপামর বাঙালী জাতি। বাংলা সিনেমার সর্বকালের সেরা রোমান্টিক জুটি হলেন উত্তম-সুচিত্রা একথা চোখ বুজে বলে দেওয়া যায়।