রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা টিভির এক দশক পদার্পণ উপলক্ষে জমকালো বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ম্যাক্স ধর্মী এলাকায় একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় বক্তারা বাংলা টিভির এক দশকের পথচলার প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের সংবাদ ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমটির ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আয়োজন ছিল। শেষে উপস্থিত অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।