রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করেছে। ‘মহান বিজয় দিবস – ২০২২’ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ নাহিদা সোবহান জর্ডান ইন্সিটিউট অব ডিপ্লোম্যাসি তে দিনব্যাপি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭০ সালের নির্বাচন, বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদান ইত্যাদি বিষয়ে জর্ডানের তরুণ কূটনীতিকদের অবহিত করেন। অনুষ্ঠানে জর্ডান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কূটনীতিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ‘ইন্সিটিউট অব ডিপ্লোম্যাসি’ জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত জর্ডানের কূটনীতিকদের প্রশিক্ষণ কেন্দ্র। উক্ত অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। জর্ডানের তরুণ কূটনীতিকগণ জাতির পিতার নেতৃত্বের ভুয়সী প্রসংসা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে বিস্ময় প্রকাশ করেন। তাঁরা বাংলাদেশের এই উন্নয়ন স্বচক্ষে দেখার জন্য বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছা ব্যক্ত করেন। এছাড়াও মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশে নারী উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

১৬ ডিসেম্বর ২০২২ দিবসের শুরুতেই সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী’র ভিডিও বার্তা প্রচার করা হয়। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত সহ প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠান শেষে জর্ডান প্রবাসী বাংলাদেশী অভিবাসীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বীর শহীদদের আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং স্বাধীনতার জন্য তাঁর আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মান্যবর রাষ্ট্রদূত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে তাঁর বক্তব্যে জর্ডানের সকল বাংলাদেশিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরে মান্যবর রাষ্ট্রদূত আমাদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্র যাত্রাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদার করার আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সহ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও জর্ডানের প্রবাসী বাংলাদেশীদের কাজ করার আহবান জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন মান্যবর রাষ্ট্রদূত।