রাশেদ কাদের, আম্মান জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস জর্ডানের উদ্যোগে বাংলাদেশ-জর্ডান মহাপরিচালক পর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত নাহিদা সােবহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এফ এম বােরহান উদ্দিন ও জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিভাগের মহাপরিচালক অ্যাম্বাসেডর ড. মালেক তাওয়াল । উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কূটনৈতিকবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ।
প্রথমবারের মত ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের এই সংলাপে বাংলাদেশ জর্ডান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলােচনা করা হয় । উভয় দেশই তাদের বর্তমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে সম্ভাব্য করনীয় বিষয়ে আলােচনা করেন। বিশেষত বাংলাদেশে জর্ডানের দূতাবাস স্থাপন , বাংলাদেশি টুরিস্টদের জন্য ভিসা সহজীকরণ, বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করণের লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তা ও বিনিয়ােগকারী প্রতিনিধি দলের সফর বিনিময়, সাংস্কৃতিক সহযােগিতা বিনিময় এবং করােনা পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় বা সরকারি সফর আয়ােজন বিশেষ ভাবে উল্লেখযােগ্য ।

ড. মালেক তাওয়াল প্রথমবারের মত আয়ােজিত এই সংলাপের গুরুত্ব তুলে ধরে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উদীয়মান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন। এছাড়া তিনি বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযােগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর বিনিময় এবং উদ্যোক্তা সম্মেলন বিষয়ে আলােচনা করেন। উল্লেখ্য , ২০১৬ সালে প্রথমবারের মত বাংলাদেশ ও জর্ডান মধ্যে সচিব পর্যায়ের রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।