প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ দূতাবাস, আম্মান যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” পালন করেছে। আজ ৫ আগস্ট, মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দিবসের কর্মসূচি শুরু হয় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান এবং আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশি বক্তারা ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, এ দিবস গণতন্ত্রের পথে বাংলাদেশের জনগণের দৃঢ় প্রত্যয়ের প্রতীক। গণতন্ত্রকে সুদৃঢ় করতে এই আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।
অনুষ্ঠান শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও হৃদয়গ্রাহীভাবে সম্পন্ন হয়।