প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদির মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারের পরিবেশের উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেয়া হয়েছে।
গৃহশ্রমিক নিয়োগ করার ক্ষেত্রে যেসব দেশের জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা কমিয়ে আনা হয়েছে, সেসব দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, ফিলিপাইন, উগান্ডা, ইথিওপিয়া ও কেনিয়া রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়া থেকে ৯ হাজার, উগান্ডা থেকে ৮ হাজার ৩০০ ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল দেয়া যাবে।
এর আগে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে। নতুন ফি কাঠামোতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর প্রত্যেক গৃহকর্মীর জন্য ৭৫০ কুয়েতি দিনার ফি নির্ধারণ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৭ হাজার টাকা।