মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদিআরব প্রতিনিধি: বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের একটু আনন্দ দিতে সৌদিআরবের জেদ্দায় পিঠা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। বাংলাদেশ কালচারাল ফোরাম (BCF ) এর উদ্যোগে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত জেদ্দার সমুদ্র সৈকত ঘেরা আবহুর নায়েফ ভিলাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল বলেন, আপনারা জানেন পৃথিবী সেরা অতিথিপরায়ণ জাতি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পিঠা-পুলি উৎসব। বাঙালিরা বিভিন্ন রঙ ও স্বাদের হরেক রকম পিঠা-পুলি, পায়েশ ও ফিরনী বানিয়ে অতিথি, পাড়া প্রতিবেশীকে আপ্যায়ন করে।
তারা বলেন, সেই গৌরব ও অহংকারের সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ কালচারাল ফোরাম জেদ্দা এই পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে বাস্তবায়ণ কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন ও হাফিজুল ইসলাম ভাণ্ডারীকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।