প্রবাস মেলা ডেস্ক: পর্যটক আকর্ষণে বাংলাদেশে কার্যালয় চালু করতে যাচ্ছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। সংবাদমাধ্যম আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ।
গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সফরে বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন তিনি।
এছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি চুক্তিও করে সৌদি আরব। সফরে অংশ নিয়েছিলেন এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ।
তিনি আরব নিউজকে বলেছেন, আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশিকে আকৃষ্ট করা। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। চলতি বছর এখন পর্যন্ত আমরা ৩ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাদের বেশিরভাগই ওমরাহ করতে এসেছেন।
এর আগে এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঢাকা আমাদের শীর্ষ পাঁচটি বাজারের একটি। সুতরাং সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সৌদি আরব এ বছর সাত লাখ বাংলাদেশিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আর ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা ২৬ লাখে পৌঁছাবে।’
চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফর্ম চালু করে। এই প্ল্যাটফর্মটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনা করতে এবং এ সংক্রান্ত নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।
বাংলাদেশ বিশ্বের চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটিতে ১৫০ মিলিয়ন মানুষই মুসলিম ধর্মাবলম্বী। প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি হজ ও ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।