মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২১ বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া ও আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা দায়েরে ইসলামী সহযোগী সংস্থা- ওআইসির সহযোগিতার জন্য নবনিযুক্ত মহাসচিব রাষ্ট্রদূত হিসেইন ব্রাহিম তাহাকে ধন্যবাদ জানালেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
রাষ্ট্রদূত ১২ ডিসেম্বর ২০২১, রবিবার জেদ্দাস্থ ওআইসির সদর দপ্তরে নবনিযুক্ত মহাসচিবের সাথে বৈঠক করেন। এসময় তিনি বাংলাদেশের সাথে ওআইসির শিক্ষা, বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, সামাজিক কল্যাণ, নারীর অধিকার ও মানবিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ওআইসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ওআইসিতে স্থায়ী মিশন চালু করার বিষয়ে কাজ করছে বলে মহাসচিবকে জানান।
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আশা প্রকাশ করেন নবনিযুক্ত মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার নেতৃত্বে আগামী দিনে ইসলামী সহযোগী সংস্থা মুসলিম বিশ্বে আরও অবদান রাখতে সক্ষম হবে। তিনি নতুন মহাসচিবকে তাঁর দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এছাড়াও তিনি ওআইসি মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশকে ওআইসির এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ মুসলিম উম্মাহর অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল আলম সিদ্দিকি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো: হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।