তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে: বাংলাদেশে গত কয়েকদিন আগে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ১৮ অক্টোবর ২০২১ লিটল বাংলাদেশে অবস্থিত দেশি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কমিউনিটি লিডার মমিনুল হক বাচ্চুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হোসেন, সহ-সভাপতি নাজমুল চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ লস অ্যাঞ্জেলেস শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ, আশীষ ঘোষ, রানা বড়ুয়া, অসিত বড়ুয়া এবং সাংবাদিক ও কবি কাজী মাশহুরুল হুদা।
সোহেল রহমান বাদল তার বক্তব্যে বলেন, এ কাজ বি এন পি, জামায়াত শিবিরের যা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এদেরকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার। মো. শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপে এদের বিচারের আওতায় না আনলে এরা এ ধরনের ঘটনা ঘটাতেই থাকবে। নাজমুল চৌধুরী বঙ্গবন্ধুর প্রবর্তিত ধর্ম নিরপেক্ষতার উদাহরণ দিয়ে বলেন, এ ধরনের কাজ মোটেও কাম্য হতে পারে না। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গোৎসবে যারা এ ধরনের বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে অস্থির করে তুলেছে তাদের কঠোর শাস্তি দাবী করেন রানা মাহমুদ। আশীষ ঘোষ বলেন, অতীতের ঘটনাগুলোর সঠিক বিচার হলে আজ আর এ ধরনের ঘটনা ঘটত না। রানা বড়ুয়া ও আশীষ বড়ুয়া বলেন, বাংলাদেশে সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের উপর এ ধরনের বর্বরোচিত হামলা কাম্য হতে পারে না। মমিনুল হক বাচ্চু আগত সবাইকে ধন্যবাদ জানান এবং দোষীদের অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারকে আহ্বান জানান।