প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার দেশের জনগণের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাজায় মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই এর প্রধান শিকার।
রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে বড় সমর্থন দিয়েছে। অনেক বাংলাদেশি খাবার ও ওষুধের জন্য টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ জানে এই সাহায্য আসছে বাংলাদেশ থেকে। আমরা সত্যিই কৃতজ্ঞ।
রাষ্ট্রদূত রামাদান অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘বৃহত্তর ইসরায়েল’ মানচিত্র আকারে ঘোষণার নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সরকারকে আরও ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়টি বিবেচনার অনুরোধ জানান রাষ্ট্রদূত। রামাদান অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের জনগণ আপনাদের পাশে আছে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং একটি টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে চূড়ান্ত রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।