প্রবাস মেলা ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বাংলাদেশের কর্মীরা এখানে খুব ভালো কাজ করছে। তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে। তবে আমি অবৈধ শ্রমিক চাই না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়, পালাজ্জো চিগিতে পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে অভ্যর্থনা জানান। পরে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। দুই নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অনথিভুক্ত বাংলাদেশি প্রবাসী, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জর্জিয়া মেলোনি বলেন, তারা চায় না অবৈধ বাংলাদেশিরা ইতালিতে থাকুক কারণ স্থানীয়রাও তা চায় না।
এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, নথিভুক্ত ও অনথিভুক্ত উভয় ধরণের বাংলাদেশি দুই দেশের কল্যাণে কাজ করছে। তবে, বাংলাদেশও অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি অবৈধ অভিবাসনের প্রতি শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী। তার সরকার বাংলাদেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৯টি হাই-টেক পার্কের উন্নয়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা ইতালিকে বিশেষ অঞ্চল ও পার্কে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, আপনি চাইলে আমি আপনার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থা করবো।
জর্জিয়া মেলোনি বলেন, ইতালি ও বাংলাদেশ যৌথ সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য জোরদার করতে পারে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি প্রক্রিয়া সহজ করতে ইতালির প্রতি আহ্বান জানান। ইতালির পক্ষ থেকে এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখানো হয়। শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য ইতালিকে ধন্যবাদ জানান। তিনি ইতালিকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনে তাদের জোড়ালো সমর্থন অব্যাহত রাখতে বলেন।